logo

এক প্রেমিকের ‘আত্মহত্যা ঠেকাতে’ রুদ্ধশ্বাস অভিযান

Sunday, 1 August 2021


পরিবার বিয়েতে রাজি না, তাই ‘আত্মহত্যার চেষ্টা করতে’ পাঁচতলার কার্নিশে উঠেছিলেন এক যুবক। মধ্যরাতে প্রায় তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে তাকে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।  

শনিবার মধ্যরাতে ঢাকার দক্ষিণখানের কাজীবাড়ি রোডে এই উদ্ধার অভিযানের সময় শতশত উৎসুক মানুষ ওই বাড়ি ঘিরে জটলা করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম জানান, ২৬ বছর বয়সী ওই যুবক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। দক্ষিণখানের ছয় তলা ওই বাড়ির মালিক তার বাবা। ভবনের চতুর্থ তলায় তারা থাকেন।

“ওই বাড়ির দ্বিতীয় তলায় যারা ভাড়া থাকেন, তাদের এক মেয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার সঙ্গে বাড়ির মালিকের ছেলের প্রেমের সম্পর্ক চলছিল বেশ কিছুদিন ধরে।

"ছেলে বিয়ের জন্য পরিবারকে চাপ দিচ্ছিল, কিন্তু পরিবার রাজি হচ্ছিল না। পরে ছেলে মাঝরাতে পাঁচতলা কার্নিশে ওঠে লাফ দিয়ে আত্মহত্যা করার জন্য। আশপাশের লোকজন তাকে দেখে ৯৯৯ এ ফোন দেয়।”

খবর পেয়ে ওই বাড়িতে ছুটে যান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। তারা নানাভাবে ওই যুবককে বোঝানোর চেষ্টা করেন।

“পরে ওই তরুণী এবং তার মাকেও ডেকে আনা হয়। তারাও ছেলেটিকে নেমে আসতে অনুরোধ করেন। কথা বলে সময়ক্ষেপণ করার ফাঁকে ফাঁকে আমরা পাঁচতলার জানালার গ্রিল কাটি এবং রেসকিউ রোপ দিয়ে দ্রুত তাকে বেঁধে ফেলি যাতে লাফিয়ে পড়তে না পারে, পরে তাকে নামিয়ে আনা হয়।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম জানান, বিয়ের জন্য আত্মহত্যার চেষ্টা করা ওই যুবককে তারা পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছেন।

তবে এই কাণ্ডের পর তার পরিবার এখন বিয়েতে রাজি কি না, সে বিষয়ে কোনো ধারণা তিনি দিতে পারেননি।