logo

এই প্রথম সিনেমার গান লিখলেন জাফর ইকবাল

Thursday, 3 February 2022


অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল এবার নতুন পরিচয়ে এলেন সবার সামনে।

এই প্রথম সি‌নেমার গান লিখ‌লেন জনপ্রিয় এই লেখক। গানটি লিখেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য।

জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনেই নির্মিত হচ্ছে সিনেমাটি। তা পরিচালনা করছেন রায়হান জু‌য়েল।

বৃহস্পতিবার চলচ্চিত্রটির নির্মাতা সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাফর ইকবালের গান লেখার তথ্যটি জানিয়েছে।

ত‌রুণ নির্মাতা রায়হান জু‌য়েল জানান, ‘আয় আয় সব তাড়াতা‌ড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি' শিরোনামের গানটি লিখেছেন জাফর ইকবাল। এর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর এতে কণ্ঠ দিয়েছেন ১০ জন শিশু শিল্পী।

জু‌য়েল ব‌লেন, “এ‌টি জাফর ইকবা‌লের লেখা প্রথম কো‌নো সি‌নেমার গান।”

তিনি জানান, আগামী মার্চ মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

এই চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা পরীমনি ও নায়ক সিয়াম আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।