logo

ঈদের রাস্তায় বিপদ বাড়াবে ২ আর ৩ চাকার বাহন: যাত্রী কল্যাণ সমিতি

এফই অনলাইন ডেস্ক | Sunday, 24 April 2022


রোববার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “এবারের ঈদে জাতীয় মহাসড়কে এসব যানবাহন নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে।”

যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, গত দুই বছরে দেশের পরিবহন বহরে ১০ লাখ নতুন মোটরসাইকেল যুক্ত হয়েছে। একই সময়ে প্রায় ২০ লাখ ইজিবাইক নেমেছে রাস্তায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সব মিলিয়ে বর্তমানে ৩৫ লাখের বেশি মোটরসাইকেল এবং ৪০ লাখের কাছাকাছি ইজিবাইক রাস্তায় চলাচল করে, যা দেশের ‘যানজট ও জনজট প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে’ বলে মোজাম্মেল হকের ভাষ্য।

তার ধারণা, এবারের ঈদে ১২ লাখ যাত্রী রাজধানী থেকে মোটরসাইকেলে আশপাশের জেলাসহ দূর-দূরান্তে যাত্রা করতে পারে। এছাড়া আন্তঃজেলা রাইড শেয়ারিংয়ে আরো প্রায় ৪০ থেকে ৪৫ লাখ যাত্রী মোটরসাইকেলে বাড়ি যেতে পারে। ঈদের আগে দেশের জাতীয় মহাসড়কে ২০ থেকে ২৫ লাখ মোটরসাইকেল রাস্তায় থাকবে।

“এসব মোটরসাইকেলে স্ত্রী-সন্তান লাগেজ-ব্যাগেজ নিয়ে ভারসাম্যহীন অবস্থায় বেপরোয়াভাবে বাস-কারের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায়শ দুর্ঘটনা ঘটছে।”