logo

ঈদে ২৭,৬০০ কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক

Wednesday, 13 April 2022


মানুষের চাহিদা মেটাতে বরাবরের মতো এবারও ঈদে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

এই রোজার ঈদে ২৭ হাজার ৬০০ কোটি টাকার নতুন নোট ছাড়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি ঈদেই নতুন নোটের চাহিদা থাকে। চাহিদা বিবেচনায় নিয়ে এবারের ঈদে এই পরিমাণ নতুন নোট বাজারে ছাড়া হবে।

এর মধ্যে ১০ টাকার নোট হবে ৭৯ কোটি ৪৫ লাখ টাকা, ২০ টাকার নোট হবে ৩১৭ কোটি ৯০ লাখ টাকা, ৫০ টাকার নোটি হবে ১৪৪ কোটি টাকা, ১০০ টাকার নোট হবে ১ হাজার ৭০০ কোটি টাকা, ২০০ টাকার নোট হবে ৩৬৩ কোটি টাকা, ৫০০ টাকার নোট হবে ৫ হাজার ৫৯৭ কোটি ৫৩ লাখ টাকা, ১ হাজার টাকার নোট হবে ১৫ হাজার কোটি টাকা।

আগামী ২০ এপ্রিল থেকে ২৮ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে নতুন নোট দেওয়া হবে।

একই সময় ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমেও নতুন নোট দেওয়া হবে।

এবার একজন ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটের একটি করে প্যাকেট বা মোট ১৮ হাজার টাকা বিনিময় করে নিতে পারবেন। এর জন্য সমপরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

যেসব ব্যাংকের শাখায় নতুন নোট পাওয়া যাবে:

এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এ্যালিফেন্ট রোড শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা, ইসলামী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলর গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণী শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।