ইসরায়েলে দূতাবাস খুলল আরব আমিরাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Thursday, 15 July 2021
ইসরায়েলে প্রথম উপসাগরীয় দেশ হিসেবে দূতাবাস খুলল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
বুধবার তেল আবিবের স্টক একচেঞ্জ ভবনে এই দূতাবাস উদ্বোধন করা হয়।
গত মাসে আমিরাতে খোলা হয়েছিল ইসরায়েলের দূতাবাস। এরপরই এবার ইসরায়েলে খোলা হল আমিরাতের দূতাবাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। আর অনুষ্ঠান পরিচালনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা।
ইসরায়েলের সঙ্গে আমিরাত শান্তিচুক্তি করার ঘোষণা দেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে তেল আবিবে এই দূতাবাস উদ্বোধন করল।
দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ করে দেবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশস্তি গেয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট হার্জগ এবং আমিরাতের রাষ্ট্রদূত খাজা।
ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, “দূতাবাস উদ্বোধন মধ্যপ্রাচ্যের জন্য ভবিষ্যতে আমাদের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা বিধানের যাত্রাপথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”
ওদিকে, দূতাবাস ভবনের বাইরে আমিরাতের পতাকা উড়িয়ে আমিরাতের দূত খাজা বলেন, “(ইসরায়েলের সঙ্গে) সম্পর্ক স্বাভাবিক হওয়ার সময় থেকে… আমরা প্রথমবারের মতো বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হতে দেখেছি। আমরা অর্থনীতি, ভ্রমণ, প্রযুক্তি এবং সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছি।”
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ গতমাসে আমিরাতে ইসরায়েলি দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেট উদ্বোধনকালে বলেছিলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে দ্বিপক্ষীয় বাণিজ্য ৬৭ কোটি ৫০ লাখ ডলার ছাড়িয়ে গেছে এবং আরও চুক্তি হওয়ার আশা আছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছর সেপ্টেম্বরে পারস্য উপসাগরীয় দুই দেশ, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ‘আব্রাহাম চুক্তির’ আওতায় ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে রাজি হয়। এরপর একই পথে হাঁটে সুদান এবং মরোক্কোও।
দশকের পর দশক ধরে আরব দেশগুলো ইসরায়েলকে বয়কট করে আসছিল। ফিলিস্তিন সংকটের সমাধান হলেই কেবল তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন হতে পারে, এমন ইঙ্গিতই ছিল তাদের। কিন্তু শেষমেষ এর ব্যতিক্রম ঘটিয়েই দেশগুলো ইসরায়েলের সঙ্গে হাত মেলায়।