logo

ইরানের পশ্চিমাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ, কারণ অজানা

এফই অনলাইন ডেস্ক | Sunday, 16 January 2022


ইরানের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরের বাসিন্দারা একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে স্থানীয় বার্তা সংস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা পোস্ট থেকে জানা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববারের স্থানীয় সময় সকালের দিকে হওয়া ওই বিস্ফোরণগুলোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনার পর ইরানের কর্তৃপক্ষ তাদের সেনাবাহিনীর অঘোষিত আকাশ প্রতিরক্ষা মহড়ার কথা জানিয়েছিল।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তেহরান এসব মহড়া করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার আসাদাবাদ শহরের গভর্নর আধা-সরকারি বার্তা সংস্থাকে ফার্সকে জানান, তিনি একটি ‘ভয়ঙ্কর শব্দ’ শুনলেও এর উৎস স্পষ্ট নয়।  

“আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে প্রথমদিকে একে বজ্রপাতের শব্দ মনে হয়েছিল, কিন্তু পরে সে সম্ভাবনা বাতিল হয়,” বলেছেন এ কর্মকর্তা। 

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে সংবাদমাধ্যম রোকনা জানায়, “কিছু কিছু জায়গায় শব্দের তীব্রতা এত বেশি ছিল যে ঘরের দরজা, জানালাগুলো কেঁপে উঠেছিল, মানুষ (ভয়ে) বাড়িঘর থেকে বেরিয়ে আসে।”

টুইটারে এক ভিডিওতে বিমান-বিধ্বংসী অস্ত্র থেকে বিস্ফোরণগুলো হয়েছে বলে ধারণা মিললেও তাৎক্ষণিকভাবে ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।  

ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালে স্বাক্ষরিত একটি পরমাণু চুক্তির পুনর্জাগরণ নিয়ে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনা চলার মধ্যেই ইরান-ইসরায়েল উত্তেজনা বাড়তে দেখা যাচ্ছে।

তেহরানের পরমাণু শক্তিধর হওয়া আটকাতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেল-আবিব।

অন্যদিকে ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।