ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Tuesday, 20 July 2021
ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটি এলাকায় ঈদের আগের দিন জনাকীর্ণ একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যার এ হামলায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পুলিশের কয়েকজন কর্মকর্তা।
ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির নাশীর বার্তা সংস্থা টেলিগ্রামে একথা জানিয়েছে। আইএস বলেছে, তাদের একজন সদস্য ভিড়ের মধ্যে তার আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে।
আহতদের কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতালের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি হামলার ঘটনাটি নিয়ে আলোচনার জন্য শীর্ষ নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।
পোস্ট করা এক টুইটে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, “ভয়াবহ অপরাধের মাধ্যমে তারা ঈদের আগের দিন সদর সিটিতে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসবাদের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত বিশ্রাম নেবো না।”
এর আগে এপ্রিলে সুন্নি জঙ্গি গোষ্ঠী আইএস বাগদাদের প্রধান শিয়া এলাকা সদর সিটিতে একটি গাড়ি বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছিল। ওই হামলায় চার জন নিহত ও ২০ জন আহত হয়েছিল।
গত জানুয়ারিতে বাগদাদের কেন্দ্রীয় এলাকার জনাকীর্ণ তাইয়ারান স্কয়ার মার্কেটে বোমা হামলার দায়ও স্বীকার করেছিল আইএস। ওই হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। তিন বছরের মধ্যে সেটি ইরাকে হওয়া সবচেয়ে বড় আত্মঘাতী বোমা হামলা ছিল।
এক সময় ইরাকের রাজধানীতে বড় ধরনের বোমা বিস্ফোরণ নিয়মিত ঘটনা ছিল কিন্তু ২০১৭ সালে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে আইএসের পরাজয়ের মাধ্যমে তাদের দখলদারিত্ব অবসান হওয়ার পর হামলার ঘটনা হ্রাস পায়।