logo

ইরফান সেলিমের মুক্তিতে ‘বাধা নেই’

Sunday, 25 April 2021


নৌবাহিনী কর্মকর্তাকেমারধরের’ মামলায় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেওয়া হাই কোর্টের জামিন সর্বোচ্চ আদালতেও বহাল রয়েছে।

জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে দিয়ে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা।

আইনজীবী সাঈদ আহমেদ রাজা পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বোচ্চ আদালত রাষ্ট্রপক্ষের লিভটু আপিল খারিজ করে হাই কোর্টের জামিন বহাল রেখেছেন। ইরফান সেলিমের মুক্তিতে এখন আর কোনো বাধা থাকছে না।”

গত বছর ২৪ অক্টোবর ধানমণ্ডি এলাকায় সংসদ সদস্যের স্টিকার লাগানো সেলিমের একটি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়।

ওই ঘটনায় সেলিমের ছেলে ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।

পরদিন পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবীদাস লেইনে হাজী সেলিমের বাড়ি থেকে ইরফানকে আটক করার সময় অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

মদ আর ওয়াকিটকির জন্য ইরফান ও তার দেহরক্ষীকে তাৎক্ষণিকভাবে ছয় মাস করে এক বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।