ইত্যাদির আকবর ‘লাইফ সাপোর্টে’
Wednesday, 9 November 2022
কিডনি জটিলতাসহ নানা রোগে আক্রান্ত ‘ইত্যাদির’ গায়ক আকবর আলী গাজীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
বুধবার সকালে তাকে বারডেম হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে বলেতার স্ত্রী কানিজ ফাতেমা জানিয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে গ্লিটজকে তিনি বলেন, “আজ সকাল ৬টার দিকে লাইফ সাপোর্টে নিল। গত শনিবার ওকে বারডেমে ভর্তি করেছিলাম।”
পরিবার নিয়ে ঢাকার মিরপুরে বাসা ভাড়া করে থাকেন আকবর। ২০০৩ সাল থেকেই তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। বছর পাঁচেক আগে কিডনির সমস্যা বেড়ে গেলে স্টেজ শো বাদ দিতে হয় তাকে।
এরপর কয়েক দফা হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে আকবরকে। পায়ে পচন ধরার কারণে অস্ত্রোপচার করে ডান পা কেটে ফেলতে হয়েছে।
অক্টোবরে ঢাকার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আকবর। সেখান থেকে ১৯ অক্টোবর তাকে বাসায় নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে গত শনিবার বারডেমে ভর্তি করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।