ইউক্রেইনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠানোর ভাবনা যুক্তরাষ্ট্র-পোল্যান্ডের
এফই অনলাইন ডেস্ক | Sunday, 6 March 2022
আমেরিকান এফ-১৬ এর বদলে ইউক্রেইনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠাতে পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করা যায় কিনা, যুক্তরাষ্ট্র তা বিবেচনা করে দেখছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রুশ বাহিনীর অগ্রগতির মধ্যে ইউক্রেইনকে সহায়তায় ভলোমিদির জেলেনস্কি ও তিন শতাধিক মার্কিন আইনপ্রণেতার মধ্যে এক বৈঠকের পর হোয়াইট হাউস এ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট এর আগে রুশ বাহিনীকে ঠেকাতে জরুরিভিত্তিতে যুদ্ধবিমান দরকার বলে মিত্রদের কাছে আকুতি জানিয়েছিলেন, জানিয়েছে বিবিসি।
“এ বিষয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি আমরা এবং আমাদের বাকি নেটো মিত্রদের সঙ্গেও আলোচনা করছি,” মার্কিন গণমাধ্যমকে এমনটাই বলেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
ইউক্রেইনে পোল্যান্ড বিমান সরবরাহ করলে তার বদলে ওয়ারশকে কি দেওয়া হবে, তার ওপরও সিদ্ধান্তের অনেকখানি নির্ভর করছে।
ইউক্রেইনের বিমানচালকরা সহযোগিতা হিসেবে রাশিয়ার নির্মিত বিমানই চেয়ে আসছিল, কেননা তারা এ ধরনের বিমান চালাতেই সুনির্দিষ্টভাবে প্রশিক্ষণ নিয়েছিল।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা হয়েছে।
বাইডেন জেলেনস্কিকে ইউক্রেইনে নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তা বাড়াতে যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে এবং অতিরিক্ত তহবিল নিশ্চিতে কংগ্রেসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন, জানিয়েছে হোয়াইট হাউস।