ইউক্রেইনে সামরিক সহায়তা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া
এফই অনলাইন ডেস্ক | Sunday, 27 February 2022
রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় ইউক্রেইনকে অস্ত্র সরবরাহে অর্থায়নের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
দেশটির সরকার কয়েকদিন আগেই ইউক্রেইনকে ‘প্রাণঘাতী নয়’ এমন সামরিক সরঞ্জাম দেওয়ার কথা জানিয়েছিল।
রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সিডনির একটি গির্জায় ইউক্রেইনিয়ান-অস্ট্রেলিয়ানদের সঙ্গে উপাসনায় যোগ দিয়ে কিয়েভের জন্য সামরিক সহায়তা বাড়ানোর এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।
“অস্ট্রেলীয় সরকার ইউক্রেইন প্রশ্নে যেটা সঠিক সেটার পাশে থাকা অব্যাহত রাখবে।
“নেটো অংশীদার বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে প্রাণঘাতী সরঞ্জাম পাঠাতে যতটা সম্ভব সহায়তা দেওয়ার চেষ্টা করবো,” বলেছেন তিনি।
ইউক্রেইন থেকে অস্ট্রেলিয়ায় যেতে চাওয়াদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি তার সরকারের ‘অগ্রাধিকার’ তালিকায় শীর্ষে থাকতে যাচ্ছে বলেও মরিসন আশ্বস্ত করেছেন।
রুশ হামলা মোকাবেলায় সেনা না পাঠালেও ইউক্রেইনের পশ্চিমা মিত্ররা দেশটিতে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের নেটো মিত্ররা এরই মধ্যে কিয়েভকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে।
অন্য কোনো দেশে প্রাণঘাতী অস্ত্র না পাঠানোর দীর্ঘদিনের অবস্থান বদলে জার্মানিও রোববার ইউক্রেইনে অস্ত্র সরবরাহে সিদ্ধান্ত নিয়েছে।