ইউক্রেইন যুদ্ধের বিষয়ে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র
Sunday, 20 March 2022
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে ‘একযোগে’ কাজ করতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
রোববার দুই দেশের অংশীদারিত্ব সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, “বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের ফলে যখন গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন হুমকির মুখে, তখন বাংলাদেশকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই।”
দুদেশের মধ্যে অষ্টম পার্টনারশিপ ডায়ালগে যোগ দিতে শনিবার ঢাকা আসেন ভিক্টোরিয়া নুল্যান্ড। রোববার বেলা সোয়া ১১টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই সংলাপ শুরু হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এই আলোচনায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আর ভিক্টোরিয়া নুল্যান্ড নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রতিনিধিদলের।
এমন এক সময়ে এই সংলাপ হচ্ছে, যখন ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন ঘিরে নতুন এক সঙ্কট তৈরি হয়েছে বিশ্বে। আর এই সঙ্কটে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার পাল্টাপাল্টি অবস্থান নতুন করে কূটনৈতিক মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে বেশিরভাগ দেশকে।
ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে ভারত, বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশই এই বিরোধের মধ্যে স্পষ্ট কোনোঅবস্থান ঘোষণা করেনি। ফলে ভিক্টোরিয়া নুল্যান্ড তার এবারের সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেইন প্রসঙ্গও যে তুলবেন, তা অনুমিতই ছিল।
দ্বিপক্ষীয় সহযোগিতা ও বাণিজ্য-বিনিয়োগের পাশাপাশি র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় তোলা হবে বলে শনিবার সাংবাদিকদের জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৈঠকের সূচনা বক্তব্যে নুল্যান্ড বলেন, যুক্তরাষ্ট্রের আরও অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তবে বিনিয়োগের পরিবেশ ভালো করতে বাংলাদেশের ‘আরও অনেক কিছু’ করা দরকার।
সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হবেন সচিব মাসুদ বিন মোমেন এবং মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে নুল্যান্ডের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
বাংলাদেশের পর ভারত ও শ্রীলঙ্কায় সফরে যাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি।