আমির খান-কিরণ রাওয়ের বিচ্ছেদ
এফই ডেস্ক | Saturday, 3 July 2021
১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলেন বলিউডের তারকা জুটি অভিনেতা আমির খান ও পরিচালক-প্রযোজক কিরণ রাও।
তারা শনিবার এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বিবৃতিতে তারা বলেন, “গত ১৫ বছরে আমরা একে অপরের সঙ্গে জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছি। বিশ্বস্ততা, শ্রদ্ধা ও ভালোবাসায় আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে।
“এবার আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করছি, এই যাত্রায় আমরা স্বামী-স্ত্রী হিসেবে থাকছি না। তবে সন্তানের বাবা-মা ও পরিবারের সদস্য হিসেবে আমরা পাশে থাকব।”
২০০৫ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন আমির-কিরণ; কয়েকদিন আগেই পঞ্চদশ বিয়েবার্ষিকী উদযাপন করেন তারা। ২০১১ সালে তাদের সন্তান আজাদের জন্ম হয়।
প্রথম স্ত্রী রীনা খানের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর কিরণকে বিয়ে করেন আমির।
‘লগন’ চলচ্চিত্রের শুটিংয়ে তাদের পরিচয়; কিরণ সেই ছবির সহকারী পরিচালক ছিলেন।
বিবৃতিতে তারা জানান, সন্তান হিসেবে আজাদের যাবতীয় দায়িত্ব তারা পালন করবেন। দাম্পত্যজীবনের প্রভাব পেশাগত জীবনে পড়বে না। একসঙ্গে চলচ্চিত্রে কাজ করবেন; পাশাপাশি তাদের পানি ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমির-কিরণ।