logo

আবরার হত্যার রায় পিছিয়ে গেল

এফই অনলাইন ডেস্ক | Sunday, 28 November 2021


রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান জানিয়েছেন, আগামী ৮ ডিসেম্বর এ মামলার রায় দেবেন তিনি।

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট। ওই শিক্ষায়তনে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ মামলায় অভিযুক্ত ২৫ আসামির সবাই বুয়েটের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী। তাদের তিনজনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলে।

রায়ের তারিখ থাকায় কারাগারে থাকা ২২ আসামিকে রোববার সকালে আদালতে নিয়ে আসা হয়। আবরারের বাবা, এ মামলার বাদী বরকত উল্লাহও উপস্থিত হন আদালতে।

এ রায় ঘিরে আদালত পড়ায় নিরাপত্তা বাড়ানো হয়। বিপুল সংখ্যক সংবাদকর্মীও উপস্থিত ছিলেন চাঞ্চাল্যকর এ হত্যা মামলার ভাগ্য জানার জন্য।  

আদালত বসার পর বেলা সোয়া ১২টার দিকে বিচারক আসামিদের নাম ডেকে জানতে চান তারা উপস্থিত আছেন কি না। 

পরে তিনি বলেন, রায় লেখা শেষ হয়নি। আরও কিছু সময় দরকার। এ মামলার রায় দেওয়া হবে ৮ ডিসেম্বর রায়।