আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ২৮০ জনের মৃত্যু
এফই অনলাইন ডেস্ক | Wednesday, 22 June 2022
আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, এতে দেশটির পূর্বাঞ্চলে অন্তত ২৮০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে।
এক টুইটার পোস্টে বার্তা সংস্থা বাখতার জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকতিকা ও খোস্ত প্রদেশে ভূমিকম্পে ২৮০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে এবং ছয়শরও বেশি আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পাকিস্তানের আবহাওয়া বিভাগের (পিএমডি) ভাষ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পাকিস্তানের সীমান্তের কাছে ভূপৃষ্ঠের ৫০ দশমিক ৮ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) প্রায় একই তথ্য দিয়েছে বলে ভাষ্য বার্তা সংস্থা রয়টার্সের।
তালেবান প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, নিশ্চিতভাবে যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই পাকতিকা প্রদেশের বাসিন্দা, এখানে ১০০ জনের মৃত্যু হয়েছে এবং ২৫০ জন আহত হয়েছে।
তিনি জানান, খোস্ত প্রদেশে আরও ২৫ জনের এবং নানগারহারে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আরও হতাহতের ঘটনা কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখছে বলে জানিয়েছেন তিনি।
ভূমিকম্পটি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী পাকিস্তান ও ভারতেও অনুভূত হয়েছে। তবে এসব দেশ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় মেডিটেরিয়ানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টারের (ইএমএসসি) ওয়েবসাইটে করা এক পোস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের এক বাসিন্দা লিখেছেন, “শক্তিশালী ও দীর্ঘ ঝাঁকুনি ছিল।”
পাকিস্তানের পেশোয়ার শহরের এক বাসিন্দা বলেছেন, “(ভূমিকম্পটি) শক্তিশালী ছিল।”
টুইটারে ইএমএসসি বলেছে, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের প্রায় ১১ কোটি ৯০ লাখ মানুষ ভূমিকম্পটির ঝাঁকুনি অনুভব করেছে।
আফগানিস্তানের গণমাধ্যমে আসা ছবিগুলোতে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ছবি দেখা গেছে।