আইডিআরএ ছাড়লেন মোশাররফ হোসেন, নতুন চেয়ারম্যান জয়নুল বারী
Wednesday, 15 June 2022
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নানা আলোচনার মধ্যে পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম মোশাররফ হোসেন।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এক প্রজ্ঞাপনে তা গৃহীত হওয়ার কথা জানিয়ে আইডিআরএ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পরে বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে তিন বছরের জন্য আইডিআরএ’র নতুন চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সেখানে বলা হয়, “তার অবসরোত্তর ছুটির অবশিষ্টাংশ বাতিল এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”
চেয়ারম্যানের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্ত সম্পাদিত চুক্তির মাধ্যমে ঠিক করা হবে বলে এতে উল্লেখ করা হয়।
জয়নুল বারী আইডিআরএ চেয়ারম্যান পদে এম মোশাররফ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিসিএস (প্রশাসন) নবম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জয়নুল বারী ২০২১ সালের জানুয়ারিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এরপর বদলি করে তাকে নিয়ে যাওয়া হয় পরিকল্পনা বিভাগে।
এর আগে তিনি বিভাগীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গতবছরের
গত ১৪ অক্টোবরে অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন এই সরকারি কর্মকর্তা। এখন তাকে চুক্তিতে নতুন দায়িত্বে ফেরানো হল।
অবৈধ সম্পদ অর্জন, শেয়ারবাজারে কারসাজি ও অন্যান্য আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন মোশাররফ।
দেশের বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য থেকে ২০২০ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য চেয়ারম্যান হন মোশাররফ। সেই হিসfবে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার ওই পদে থাকার সুযোগ ছিল।
পেশাদার হিসাববিদ মোশাররফ একাধিক জীবন বীমা কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মার্চেন্ট ব্যাংকের সিইও হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
গত বছরের মার্চে ডেল্টা লাইফ ইন্সুরেন্স থেকে ঘুষ দাবি করার অভিযোগ ওঠে মোশাররফের বিরুদ্ধে। এরপর তার বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকে তলবও করা হয়।
বিষয়টি হাই কোর্টেও গড়ায়। আইডিআরএ চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে পুঁজিবাজারে কোটি কোটি টাকা লেনদেন, দুর্নীতি, অর্থপাচারের অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, গত বছর নভেম্বরে দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তা জানতে চায় হাই কোর্ট।