অন্য সব ঘটনা আড়াল করতেই পরীমনিকে সামনে এনেছে সরকার: ফখরুল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Wednesday, 16 June 2021
বিভিন্ন ঘটনা থেকে মানুষের দৃষ্টি ফেরাতে চিত্রনায়িকা পরীমনিকে সরকার সামনে আনছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, “এই যে দেখেন সাংবাদিক ভাইয়েরা- খুব লাফালাফি হচ্ছে এখন। ইস্যুটা হচ্ছে পরীমনি। হু ইজ পরীমনি?
“আমরা কি বুঝি না যে, আপনার (সরকার) আবার সেই ডাইভারশন, আবার সেই অন্যদিকে নিয়ে যাওয়া। প্রতি মুহুর্তে জনগণকে বিভ্রান্ত করা, প্রতারণা করা, মিথ্যাচার করা- এটাই কিন্তু ওদের (ক্ষমতাসীন) মূল কাজ।”
কী থেকে জনগণের দৃষ্টি ফেরানো হচ্ছে- সে বিষয়ে ফখরুল বলেন, “যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, তার মুক্তি নিয়ে কথা উঠছে, যখন দেশের গণতন্ত্র নিয়ে কথা উঠছে, যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একেবারে চরম ব্যর্থতা, কোভিড যখন চরমে উঠছে, তখন আবার একটা এদের নিয়ে ডাইভারশন করা হচ্ছে।
“মানুষের সঙ্গে প্রতারণা করা, এই যে খেলা- এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব। একরম কৌশল করেই তারা সমস্ত জাতিকে দমন করে রাখছে। তারা প্রতারক সরকার, জনগণের সাথে প্রতারণা করেই এভাবে ক্ষমতায় বসে আছে।”
চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ করেন। এই নিয়ে তুমুল আলোচনার মধ্যে ঢাকা বোট ক্লাবের দুই সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের একজন জাতীয় পার্টির নেতা। তাদের মাদকের এক মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে ফখরুল বলেন, “আমি জানি না কী সত্য, কী ঘটনা। কিন্তু কালকে এই ঘটনাটা দেখে মনে হয়েছে যে, এভরি থিং ইজ পসিবল ইন দিস কান্ট্রি। মামলা করলো একটা, আর আরেক ঘটনার দায়ে নিল রিমান্ডে।
“আপনারা মামলা করলেন ধর্ষণ এবং হত্যার চেষ্টার। রিমান্ডে নিচ্ছেন এই জন্য যে তার কাছে মাদক পাওয়া গেছে। যেখান থেকে তাকে অ্যারেস্ট করেছে, সেই বাড়িটিও তার নয়, এটা আরেক জনের বাসা।”
তিনি বলেন, “আজকে অনেক প্রশ্ন এসেছে তাহলে কী শুধু ক্ষমতাসীনরা, ক্ষমতাধারীরা যা চাইবেন তাই হবে। এই প্রশাসন যাকে ইচ্ছা, যাকে খুশি তাকেই তুলে নিয়ে যাবে। তার সম্মান, ইজ্জত, তার পরিবারের কাছে ইজ্জত, সমাজের কাছে ইজ্জত সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে।”