logo

'হাওয়া' উড়ে যায়নি প্রত্যাশার ঝড়ো হাওয়ায়

সাদিক মাহবুব ইসলাম | Saturday, 30 July 2022


শুক্রবার মুক্তি পেল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া।’ মেজবাউর রহমান সুমনের এই সিনেমার মতো শোর আর কোনো সিনেমা হাল আমলে তুলতে পারেনি। মুক্তির আগেই এক সপ্তাহের টিকেট ফুরিয়ে যাওয়া বাংলাদেশী সিনেমার জন্য বিরল ঘটনাই বটে। 

সাধারণত এরকম সিনেমার ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে। এর ওপর ‘সাদা সাদা কালা কালা’ আর ‘এ হাওয়া’র মতো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া গান আরো উত্তাপ ছড়িয়েছে। কিন্তু হাওয়া প্রত্যাশার ঝড়ো হাওয়া উতরে গেছে দারুণভাবেই। 

হাওয়াকে আর্ট ফিল্ম এবং কমার্শিয়াল ফিল্মের মাঝামাঝি একটি চলচিত্র বলা চলে। সিনেমায় গ্ল্যামার নেই, মারদাঙ্গা ঘটনা নেই, যা আছে তা হলো কাহিনী আর অভিনয়। গল্পটাই এখানের স্টার।  

মেজবাউর রহমান সুমন পুরোটা ঢেলে দিয়েছেন পরিচালনায়, ফারুক জাহান আমিন আর সুকর্ন শাহেদ ধীমান দুর্দান্ত স্ক্রিনপ্লে লিখেছেন - আর চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা টুসী, সুমন আনোয়ার, নাসিরউদ্দীন, সোহেল মণ্ডলের মতো গুণী অভিনেতারা তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সটা দিয়েছেন। 

বিশেষ করে শরীফুল রাজ আর টুসী দর্শকের মন জয় করেছেন। রাজ হতে যাচ্ছেন বাংলা সিনেমার পরবর্তী বিগ স্টার - এট যেন তারই জোরালো ঘোষণা। 

রহস্য, ভীতি, রোমাঞ্চ আর অতিপ্রাকৃতের চমৎকার মিশ্রণ ঘটেছে এই সিনেমায়। বুদ্ধিদীপ্ত কমেডিতে হলভর্তি দর্শক হো হো করে হেসেছে। সাসপেন্স মুহূর্তে সবাই ছিল নিশ্চুপ, টান টান উত্তেজনায়। একদম শূন্য থেকে গল্প বলা শুরু হয়েছে, শেষটা হয়েছে একটা শিহরণ জাগানো টুইস্টের মাধ্যমে। 

সেসবের সাথে সাম্প্রতিক কালের অন্যতম সেরা আবহ সঙ্গীত ছিল সিনেমাটিতে। তবে এটিই খানিকটা বিরক্তি ধরিয়েছে কিছু দৃশ্যে যখন আবহ সঙ্গীতের প্রাবল্যে সংলাপ বোঝা যাচ্ছিল না। 

সিনেমার দ্বিতীয়ার্ধ কিছুটা দীর্ঘ মনে হতেই পারে, হয়তো মিনিট দশেক কমানো যেত। আবার ক্লাইম্যাক্স যেন একটু তাড়াহুড়োতেই হয়ে গেছে। 

সিনেমার শুরুতেই একটা চিত্তাকর্ষক সাবপ্লট ছিল রাজ আর চঞ্চল চৌধুরীর মধ্যে, যা পরে আর গুরুত্ব দেয়া হয়নি দেখে একটু হতাশ হতে হয়েছে। 

বাংলা সিনেমায় হলভর্তি দর্শক, অলিগলিতে চায়ের দোকানে আর সামাজিক যোগাযগ মাধ্যমে বিপুল আলোচনা - এসব খুব বেশি পরিচিত দৃশ্য নয়, অন্তত গত দুই দশকের জন্য। হাওয়া যেন সিনেমার পালেই নতুন হাওয়া দিয়ে চলেছে।

লোকজ গালি আর প্রাপ্তবয়স্ক বিষয়াবলীর জন্য সন্তান নিয়ে সিনেমাটি দেখতে কিছুটা অস্বস্তি হতে পারে। তবে হাওয়ার হাওয়ায় ভেসে যেতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে হাওয়া। 

shadique.mahbub.islam@gmail.com