logo

'অপ্রয়োজনে' রাস্তায় বের হওয়ায় ঢাকায় গ্রেপ্তার কয়েকশ

এফই ডেস্ক | Thursday, 1 July 2021


করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে ‘জরুরি প্রয়োজন ছাড়া’ রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেবল ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগেই ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে তেজগাঁও থানা এলাকায় ৩০ জন, শিল্পাঞ্চল থানা ৮ জন, মোহাম্মদপুর ২৬ জন, আদাবর থানা ১৮ জন, শেরে বাংলা নগর থানা ৪০ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৪২ জন গ্রেপ্তার হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অতিরিক্ত উপ-কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল গ্রেপ্তারের এই তথ্য জানিয়ে বলেন, “তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই ‘সর্বাত্মক লকডাউন’ ৭ জুলাই পর্যন্ত চলবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাহতাব উদ্দিন জানান, কঠোর লকডাউনের মধ্যে ‘অপ্রয়োজনে’ বের হওয়ায় তার এলাকার বিভিন্ন থানায় দুপুর পর্যন্ত একশর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, “এই পর্যন্ত ৩৬টি মামলা হয়েছে এবং জরিমানা আদায় হয়েছে ৯৯ হাজার টাকা। আরও আটক হচ্ছে এবং সংখ্যা আপডেট হচ্ছে।”

মহানগর পুলিশের উত্তরা বিভাগের বিভিন্ন এলাকায় ৪১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন উপ কমিশনার সাইফুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তারদের সাতজনকে জরিমানা করা হয়েছে। বাকিদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ জানান, সকালে রমনা থানার সুগন্ধা মোড় থেকে দুজন এবং শাহবাগ মোড় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হারুন অর রশীদ বলেন, “তাদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মাহিন ফারাজী বলেন, “আমরা এখন পর্যন্ত ১০ জনকে অপ্রয়োজনীয় চলাফেরার অভিযোগে গ্রেপ্তার করেছি। এর মধ্যে রায়েরবাজার থেকে ৭ জন এবং তিন রাস্তার মোড় থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

সারা দেশে সাত দিনের সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে বিধি-নিষেধ মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে পুলিশের মত র‌্যাবও বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে।

বারডেমের সামনে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, “সকাল থেকে তল্লাশি করা হচ্ছে। এ পর্যন্ত যাদেরকে পেয়েছি অধিকাংশই প্রয়োজনে বের হয়েছেন। কেউ চিকিৎসার জন্য বের হয়েছেন, কেউবা বিদেশ যাবেন।”

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করে বলা হয়, এর বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিধি-নিষেধ ভেঙে জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে মামলা দেওয়া হবে এবং প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে।