Loading...

‘মালয়েশিয়া’ বলে সোনাদিয়া দ্বীপে  নামানো রোহিঙ্গাদের ঠিকানা ভাসানচর

| Updated: March 23, 2022 14:54:18


ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাগরপথে ‘মালয়েশিয়া নেওয়ার কথা বলে’ কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৪৯ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর। 

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিটিএ জেটি ঘাট থেকে তিনটি বাস তাদের নিয়ে মঙ্গলবার ভোরে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান।

সোমবার দুপুরে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ রোহিঙ্গাকে থানা পুলিশ উদ্ধার করে। পরে রাতে আরও ১৪ জনকে উদ্ধার করা হয়।

রফিকুল ইসলাম বলেন, উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পের দালাল চক্র ‘মালয়েশিয়া নেওয়ার কথা বলে’ একদল রোহিঙ্গাকে একটি ট্রলারে তোলে। ২/৩ দিন সাগর থাকার পর সোমবার ভোরে তাদের সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয়। সেখানে তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার হওয়া ১৪৯ জনকে মঙ্গলবার ভোরে বাসে করে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়। সেখান থেকে তাদের ভাসানচরে নেওয়া হবে।

এর আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ২২ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

 

Share if you like

Filter By Topic