Loading...
The Financial Express

‘মার্কেটিং’ জানলে দেশের ‘ব্রান্ডিংয়ে’ ভালো করতাম: শিক্ষামন্ত্রী

| Updated: December 18, 2021 16:50:04


‘মার্কেটিং’ জানলে দেশের ‘ব্রান্ডিংয়ে’ ভালো করতাম: শিক্ষামন্ত্রী

বিশ্বের দরবারে দেশের সুনাম বজায় রাখতে সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শিক্ষামন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ রূপকল্প-২০৪১, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলাসহ জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনে আমাদের যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে।

বাংলাদেশের সুনাম বিশ্ব দরবারে প্রচারে বিপণন বিদ্যার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতিবিদদেরও ‘মার্কেটিং’ জানা প্রয়োজন হয়।

পেশায় চিকিৎসক এই মন্ত্রী বলেন, “আই উইশ আমার যদি মার্কেটিংয়ের একটি ডিগ্রি থাকত... মার্কেটিং বিভাগের ছাত্র থাকলে ওই কাজটা হয়ত ভালোভাবে করতে পারতাম।”

মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ, মেঘনা গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট তাহমিনা মোস্তফা বক্তব্য দেন।

এর আগে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বেলুন উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, গান, নিত্য, থিম সং পরিবেশনা, আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কেক কাটাসহ দিনব্যাপী ছিল নানা আয়োজন।

সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে শেষ হবে মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী উদযাপন। এতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে ভারতীয় গায়ক নচিকেতা চক্রবর্তী ও তার দল সঙ্গীত পরিবেশন করবেন। উপস্থাপনায় থাকবেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

Share if you like

Filter By Topic