Loading...
The Financial Express

‘বাবার শেষ ইচ্ছা পূরণে’ ঈদগাহের জন্য জমি দান হিন্দু বোনদের

| Updated: May 05, 2022 19:29:14


‘বাবার শেষ ইচ্ছা পূরণে’ ঈদগাহের জন্য জমি দান হিন্দু বোনদের

ভারতের উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছেন হিন্দু ধর্মাবলম্বী দুই বোন, বাবার শেষ ইচ্ছা পূরণে দেড় কোটি রুপিরও বেশি মূল্যের চার বিঘা জমি মুসলিমদের ঈদগাহের জন্য দান করে দিয়েছেন।

তাদের এ দৃষ্টান্ত স্থানীয় মুসলিমদের হৃদয় ছুঁয়ে গেছে, ঈদের নামাজের পর মোনাজাতে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন তারা। 

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, উত্তরাখণ্ড রাজ্যের উদম সিং নগর জেলার ছোট শহর কাশিপুরে এ ঘটনা ঘটেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভারতের বিভিন্ন অংশ থেকে যখন সাম্প্রদায়িক উত্তেজনা ও হানাহানির খবর আসছে তখন দুই বোনের এ দৃষ্টান্ত ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

ওই দুই বোনের বাবা ব্রজানন্দন প্রসাদ রাস্তোগী ২০ বছর আগে মারা যান। মারা যাওয়ার আগে স্থানীয় ঈদগা সম্প্রসারণের জন্য নিজের কৃষি জমি থেকে চার বিঘা দান করার ইচ্ছার কথা নিকট আত্মীয়দের জানিয়েছিলেন তিনি। কিন্তু নিজের শেষ ইচ্ছার কথা সন্তানদের জানানোর আগেই ২০০৩ সালের জানুয়ারিতে তার মৃত্যু হয়।

তার দুই কন্যা সরোজ ও অনিতা। একজন থাকেন দিল্লিতে ও অন্যজন মিরাটে। সম্প্রতি আত্মীয়দের মাধ্যমে বাবার শেষ ইচ্ছার কথা জানতে পারেন তারা।

তারা তখনই কাশিপুরে বসবাস করা তাদের ভাই রাকেশ রোস্তোগীর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে তার সম্মতি চান, রাকেশ সঙ্গেসঙ্গেই রাজি হয়ে যান।

বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করার পর রাকেশ রাস্তোগী বলেন, “বাবার শেষ ইচ্ছা পূরণ করা আমাদের দায়িত্ব ছিল। আমার বোনেরা যা করেছে তাতে তার আত্মা শান্তি পাবে।”

স্থানীয় ঈদগা কমিটির হাসিন খান বলেন, “ওই দুই বোন সাম্প্রদায়িক ঐক্যের জীবন্ত উদাহরণ। তাদের এ সহৃদয়তার জন্য ঈদগা কমিটি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা যা করেছেন তার জন্য ওই দুই বোনকে শিগগিরই সংবর্ধনা দেওয়া হবে।”


মঙ্গলবার ভারতের এক রাজ্যে যখন দুই হিন্দু বোনের দান করা জমিতে মুসলমানরা ঈদের নামাজ আদায় করছেন তখন দেশটির আরেক রাজ্য রাজস্থানের যোধপুরে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার শঙ্কায় পুলিশ পাহারায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Share if you like

Filter By Topic