‘পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট নথির খোঁজে’ ট্রাম্পের বাড়ি গিয়েছিল এফবিআই


এফই অনলাইন ডেস্ক | Published: August 12, 2022 12:20:07 | Updated: August 12, 2022 13:00:38


‘পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট নথির খোঁজে’ ট্রাম্পের বাড়ি গিয়েছিল এফবিআই

ডনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-আ-লগোতে হানা দিয়ে এফবিআইয়ের কর্মকর্তারা পরমাণু অস্ত্র সংশ্লিষ্ট নথিপত্র খুঁজেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

তবে সাবেক প্রেসিডেন্টের বাড়ি থেকে শেষ পর্যন্ত এ ধরনের কোনো নথিপত্র উদ্ধার হয়েছে কিনা, তা জানাতে পারেনি তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এফবিআই কর্মকর্তারা পাম বিচের ওই রিসোর্টে পরমাণু অস্ত্র সংশ্লিষ্ট নথিপত্র খুঁজতেই গিয়েছিল, ওয়াশিংটন পোস্টের বৃহস্পতিবারের এমন প্রতিবেদনের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার মার-আ-লগোতে এফবিআইয়ের তল্লাশি যে পরোয়ানার ভিত্তিতে হয়েছিল, তা প্রকাশের অনুমতি চেয়ে এক বিচারকের কাছে আবেদন জানিয়েছে।

রিপাবলিকান ট্রাম্প তার বাড়িতে এফবিআইয়ের হানাকে রাজনৈতিক প্রতিশোধহিসেবে চিত্রায়িত করার পর আইন মন্ত্রণালয় এ পদক্ষেপ নিল।

বিচারকের কাছে পরোয়ানা প্রকাশে আবেদনের অর্থ হল, সাবেক প্রেসিডেন্টের বাড়িতে হওয়া নজিরবিহীন তল্লাশিতে তদন্ত কর্মকর্তারা কী খুঁজছিলেন, যুক্তরাষ্ট্রের জনগণ শিগগিরই সে বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে।

গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট কার্যালয় ছাড়ার সময় ট্রাম্প হোয়াইট হাউস থেকে অবৈধভাবে নথিপত্র সরিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখতে তার বিরুদ্ধে যে তদন্ত চলছে তার অংশ হিসেবেই মার-আ- লগোতে ওই তল্লাশি হয়েছে।

আইন মন্ত্রণালয়ের ধারণা, ট্রাম্প যেসব সরিয়েছেন, তার মধ্যে অতি গোপনীয় কিছু নথিপত্রও আছে।

ট্রাম্পের উত্তরসূরী ডেমোক্র্যাট জো বাইডেনের নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক সংবাদ সম্মেলনে বলেছেন, সাবেক প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি চালাতে তিনিই অনুমতি দিয়েছিলেন।

Share if you like