Loading...

‘গাড়ি, টিভি, স্পিকার বাজারেও একক ক্ষমতা চাইছে গুগল’

| Updated: September 03, 2021 11:39:12


-- ছবি: রয়টার্স -- ছবি: রয়টার্স

একচেটিয়া আচরণের কারণে অ্যালফাবেট মালিকানাধীন গুগলের বিরুদ্ধে দ্বিতীয় মামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসাই হচ্ছে মামলার মূল বিষয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

গেল বছরের অক্টোবরে গুগলের বিরুদ্ধে প্রথম মামলাটি করেছিলো মার্কিন বিচার বিভাগ। এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠানটি প্রযুক্তি বাজারে নিজেদের আধিপত্য ব্যবহার করে প্রতিযোগীদের জন্য দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলা হয়েছিলো। মামলার শুনানী হবে ২০২৩ সালের সেপ্টেম্বরে।

বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে রয়টার্সের পাওয়া এই তথ্যের বিষয়ে মার্কিন বিচারবিভাগের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

তবে নতুন মামলা প্রসঙ্গে এক ইমেইল গুগল বলেছে, “ওয়েবসাইট এবং অ্যাপগুলোকে তাদের কন্টেন্টের জন্য তহবিলের যোগান দেওয়া, ছোট ব্যবসাগুলোকে বড় হওয়ার সুযোগ দেওয়া, এবং ব্যবহারকারীদের বাজে বিজ্ঞাপনের অভিজ্ঞতা থেকে বাঁচিয়ে তাদের গোপনতা রক্ষা করে গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি”।

আগের মামলাটিতে যুক্তরাষ্ট্রের ৩৮টি অঙ্গরাজ্য অভিযোগ করেছে-- গুগল বাজারে নিজের ক্ষমতা ব্যবহার করে মোবাইল ডিভাইসের মতো গাড়ি, টিভি এবং স্পিকারের বাজারেও একচ্ছত্র আধিপত্য তৈরি করতে চাইছে।

অন্যদিকে, আরও কয়েকটি অঙ্গরাজ্যের সমর্থন নিয়ে গুগলের বিরুদ্ধে আলাদা মামলা করেছে টেক্সাস। অনলাইন বিজ্ঞাপন ব্যবসা চালাতে গিয়ে অ্যাপল অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠে এসেছে তাতে।

মার্চ মাসের এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিলো, ওয়েব ট্র্যাকিং টুল ‘কুকি’ ব্লক করার পরিকল্পনা করছে গুগল। প্রতিষ্ঠানটির এই পদক্ষেপের কারণে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়বে করবে কি না-- বিজ্ঞাপন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে এই প্রশ্ন তুলেছেন মার্কিন বিচার বিভাগের তদন্ত কর্মকর্তারা।

 

 

Share if you like

Filter By Topic