Loading...

‘করোনার টিকা সংগ্রহ করা আন্তর্জাতিক রাজনীতির উপর নির্ভর করে’

বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক


| Updated: August 31, 2021 19:50:33


‘করোনার টিকা সংগ্রহ করা আন্তর্জাতিক রাজনীতির উপর নির্ভর করে’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেছেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহ করাটা সরকারের ইচ্ছা ছাড়াও আন্তর্জাতিক রাজনীতির উপর নির্ভর করে।

রোববার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বলেন, “টিকা সংগ্রহ ও পাওয়াটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। এটা নিয়ে আন্তর্জাতিক যে রাজনীতি তার উপর নির্ভর করে।”

টিকা পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে সকলকে টিকার আওতায় আনা হবে জানিয়ে স্বাস্থ্য মহাপরিচালক (ডিজি) বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর দেওয়া হবে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

চিকিৎসক সংকট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরাঞ্চলের সবগুলো জেলায় চিকিৎসক সংকট রয়েছে। অতি শীঘ্রই আরও সাড়ে চার হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে।

“আমরা নতুন নিয়োগকৃত চিকিৎসকদের তাদের নিজ জেলায় পদায়নের চেষ্টা করব। ৫০ বেডের যে সকল হাসপাতালে অপারেশনের সুযোগ রয়েছে সেখানে অ্যানেস্থেশিয়া চিকিৎসক দেওয়া হবে।”

ডিজি তার এ সফর প্রসঙ্গে বলেন, বিভিন্ন সময় অভিযোগ আসে উত্তরাঞ্চলের চিকিৎসা সেবায় নজর দেওয়া হয় না। এজন্যই তার এ সফর।

কুড়িগ্রাম হাসপাতালের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি আমি খোঁজ নিয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নিব।”

এর আগে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এই সময় তিনি সেবা গ্রহীতাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও আন্তরিক হবার আহ্বান জানান।

এ সময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ত্বত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন, বিএমএ কুড়িগ্রাম জেলা সভাপতি ডা. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক ডা. লোকমান হাকিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share if you like

Filter By Topic