৯৯৯-এ ফোন, মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর


এফই অনলাইন ডেস্ক | Published: January 06, 2022 18:52:28 | Updated: January 07, 2022 17:05:36


ফাইল ছবি (সংগৃহীত)

বিতর্কের মধ্যে পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের স্ত্রী জাহানারা এহসান জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্বামীর বিরুদ্ধে।

জাহানারা সাহায্য চাওয়ায় পুলিশ ধানমণ্ডিতে তার বাসাতেও গিয়েছিল, তবে সেখানে তারা মুরাদকে পায়নি।

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, মুরাদ হাসানের স্ত্রী আজ বেলা ৩টার দিকে ৯৯৯ এ কল করে নির্যাতনের অভিযোগ করেন।

কার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন জানতে চাইলে ওসি বলেন, তার হাসবেন্ডের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এটা ডমেস্টিক ভায়োলেন্স। আমরা বিষয়টা দেখছি।

ওই থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ধানমণ্ডির ১৫ নম্বর সড়কে ওই বাসায় গিয়েছিল, তবে সেখানে মুরাদ হাসানকে তারা পাননি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মুরাদ হাসানের স্ত্রীও একজন চিকিৎসক। অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে তার সঙ্গে কথা বলতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মুরাদের ফোনও বন্ধ পাওয়া যায়।

এক চিত্রনায়িকাকে টেলিফোনে হুমকি আর অশালীন বক্তব্যের ভিডিও ফাঁস হলে গত ডিসেম্বরে প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় মুরাদ হাসানকে। জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় স্থানীয় এই এমপিকে।

নানা নাটকীয়তার মধ্যে ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডায় কিংবা আরব আমিরাতে ঢুকতে না পেরে দুদিন পর তাকে ফের দেশে ফিরতে হয়। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

Share if you like