ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা একটি মাছের ট্রলারের ১৪ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।
কক্সবাজার থেকে ১৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।
উপকূলে আসার পর রোববার তাদের ট্রলার মালিকের জিম্মায় দেওয়া হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
উদ্ধার করা জেলেরা হলেন- মনির আহমেদ, নবাব মিয়া, মো. সাইফুদ্দিন, মো. সালামতুল্লাহ, মো. কাসেম, শাহাদাৎ হোসেন, মো. সালাউদ্দিন, আব্দুর রহিম, রবি আলম, মো. রাসেল, মো. আনসার, মো. সেলিম ও মো. জব্বার।
তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। এদের মধ্যে মনির ট্রলারের মাঝি ও নবাব মিয়া ট্রলার মালিকের ছেলে।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌবাহিনীর টহল জাহাজ ‘অনুসন্ধান’ গত শুক্রবার সাগরে ভাসতে থাকা ‘এফভি মরিয়ম’ নামে ট্রলারটি থেকে ১৪ জেলেকে উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে ‘বানৌজা দুর্জয়’ জাহাজে করে তাদের চট্টগ্রামে এনে ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ নভেম্বর ট্রলারটি ১৪ জন জেলেসহ মাছ ধরতে সাগরে যায়। পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি ছয় দিন ধরে সাগরে ভাসতে থাকে।
এর আগে গত ১২ নভেম্বর ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ‘খাজা আজমীর’ নামে একটি ট্রলার থেকে ১৭ জন জেলেকে উদ্ধার করা হয়েছিল।
