২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহাতে বিটুমিনাস দিয়ে নির্মিত প্রায় ২৫.২৭৫ কিলোমিটার দীর্ঘপথ মাত্র ১০ দিন সময়ের মধ্যে নির্মাণ করা হয়। যা ছিল সেই সময় অবধি বিশ্বের সবচেয়ে দ্রুত সময়ে নির্মিত রাস্তা।
সম্প্রতি গত মঙ্গলবার অর্থাৎ ৭ জুন, ৭৫ কিলোমিটার রাস্তা টানা ১০৫ ঘন্টা ৩৩ মিনিটে নির্মাণ কাজ সম্পন্ন করে নতুন রেকর্ড তৈরি করে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এটি একটি সিঙ্গেল লেন রাস্তা। রাস্তাটি বিটুমিনাসের তৈরি।
নির্মাণ কাজ শুরু হয় গত ৩ জুন, সকাল ৭.২৭ মিনিটে এবং শেষ হয় ৭ জুন, বিকেল ৫টায়। রাস্তাটির ব্যপ্তি মহারাষ্ট্রের অমরাবতি থেকে অকোলা পর্যন্ত।
এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশটির রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মন্ত্রী, নীতিন গড়করি বলেন, “মোট ৭৫০ জন কর্মীর দিবারাত্রি নিরলস পরিশ্রমের ফসল এই ৭৫ কিলোমিটার রাস্তা।”
এই রাস্তা নির্মাণের ফলে দেশটির পূর্ব-পশ্চিম অঞ্চলের সাথে প্রধান প্রধান কিছু শহর, যেমন – কলকাতা, রায়পুর, নাগপুর, অকোলা, ধুলে এবং সুরাটের সাথে নতুন করে একটি সংযোগ স্থাপন হলো। এর ফলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্যের ক্ষেত্রে নতুন কিছু দিশা তৈরি হবে।
গত ১০ বছর যাবত এই এলাকার রাস্তাঘাট অনুন্নত থাকার কারণে যাতায়াত অবস্থার খুবই বেহাল দশা ছিল।
টুইটারে শেয়ারকৃত এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, “ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর উদযাপন এবং প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদির ঘোষণাকৃত ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র আলোকে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এমন নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এই বিশ্ব রেকর্ড গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত।”
এই কাজটির পেছনে যৌথাভাবে কাজ করেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। তাই সড়ক মন্ত্রী, এই বাস্তবায়নে অংশ নেওয়া দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার, কনট্রাকটর, কনসালটেন্ট এবং শ্রমিকদের ধন্যবাদ দিতেও ভুল করেননি।
শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
zabin860@gmail.com
