Loading...

২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে লকডাউন

| Updated: April 20, 2021 17:52:51


ফোকাস বাংলা ফাইল ছবি ফোকাস বাংলা ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান ‘সর্বাত্মক লকডাউনের’ মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধি-নিষেধ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হল।”

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে চলছে ‘সর্বাত্মক লকডাউন’। এর আগে ২১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার মেয়াদ এখন বাড়ানো হল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

গত রোববার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাতেও ‘কঠোর লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।   

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার বলেছিলেন, “সায়েন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন কন্টিনিউ করবে।”

Share if you like

Filter By Topic