২৪ ঘন্টায় ৮৪৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত, মৃত্যু ২১ জনের


FE Team | Published: October 01, 2021 18:14:10 | Updated: October 02, 2021 12:33:26


মুখে মাস্ক, পাশে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কার্জন হল কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন এক শিক্ষার্থী। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ৮৪৭ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৩১ জনের, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৮৬০ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ২৩ জনের। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা- দুটোই সামান্য কমেছে।

গত এক দিনে সারা দেশে সাড়ে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৩ শতাংশ, যা আগের দিন ৩ দশমিক ২৪ শতাংশ ছিল।

দেশে মার্চ মাসের পর প্রথমবারের মত দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার বৃহস্পতিবার ৪ শতাংশের নিচে নেমে আসে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫৯৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। যে ২১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৯ জনই ছিলেন ঢাকা বিভাগের।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৯৬০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩৮ লাখের বেশি রোগী।

Share if you like