২৪ ঘন্টায় ২৫৬ কোভিড রোগী শনাক্ত, মৃত্যু ৭ জনের


FE Team | Published: November 03, 2021 17:52:37 | Updated: November 04, 2021 10:13:40


ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর টিকা নিতে আসা শিক্ষার্থীদের নিবন্ধন করা আছে কি না, তা যাচাই করছে এক স্কাউট সদস্য। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৩৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Share if you like