২৪ ঘন্টায় শনাক্ত ১,১৭৮ করোনা রোগী, মৃত্যু ১৭ জনের


FE Team | Published: September 29, 2021 17:45:52 | Updated: September 29, 2021 22:30:30


২৪ ঘন্টায় শনাক্ত ১,১৭৮ করোনা রোগী, মৃত্যু ১৭ জনের

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ১৭৮ জনের মধ্যে।

এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ২১ মার্চের পর সবচেয়ে কম। সেদিন সারা দেশে ১৬ জনের মৃত্যুর খবর এসেছিল। এরপর ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়েছিল, তবে তার নিচে আর নামেনি।

ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারে দেশে সংক্রমণ বাড়তে থাকলে অগাস্ট মানে এক দিনে মৃত্যুর সংখ্যা আড়াইশও ছাড়িয়ে গিয়েছিল। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে এ রোগে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এক দিনে সাড়ে ২৮ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১২ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৪৯ শতাংশ ছিল।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ৮৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন সুস্থ হয়ে উঠলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ টিকাদান কর্মসূচিতে বুধবার ঢাকার বনানীতে এক বিদ্যালয়ে টিকা নিতে করাইল বস্তির বাসিন্দাদের অপেক্ষা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Share if you like