Loading...
The Financial Express

২৪ ঘণ্টায় শনাক্ত ৩৯৭ কোভিড-১৯ রোগী, মৃত্যু ১ জনের

| Updated: December 29, 2021 09:57:00


২৪ ঘণ্টায় শনাক্ত ৩৯৭ কোভিড-১৯ রোগী, মৃত্যু ১ জনের

দেশে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার দেশে ৩৭৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ১ জনের। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা বেড়েছে গত এক দিনে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৬২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৯৪ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৩৪০ জনই ঢাকা জেলার বাসিন্দা, যা দিনের মোট শনাক্তের ৮৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৩১টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।

ষাটোর্ধ্ব যে নারী মারা গেছেন, তিনি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবারও দৈনিক শনাক্তের হার দুই শতাংশের উপরে রয়েছে। ১৮ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ১০ শতাংশ, যা সোমবার দাঁড়িয়েছে ২ দশমিক ১৬ শতাংশ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৪টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৮ কোটি ১৪ লাখের বেশি রোগী।

Share if you like

Filter By Topic