২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৩ কোভিড রোগী, মৃত্যু তিনজনের


FE Team | Published: December 03, 2021 18:28:05 | Updated: December 04, 2021 11:17:12


২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৩ কোভিড রোগী, মৃত্যু তিনজনের

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২৪৩ জনের মধ্যে, যা আগের দিনের তুলনায় কম।

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২২৫ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ১৯৫ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Share if you like