২৪ ঘণ্টায় দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ৫ হাজারের নিচে নেমেছে, রোগী শনাক্তের হারও নেমেছে ১৫ শতাংশের নিচে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ৩২ হাজার নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৮৩৮ জন রোগী শনাক্তের খবর দিয়েছে। তাতে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ১৪ দশমিক ৮৫। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নতুন শনাক্তদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মহামারীতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জন।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ১৩ হাজার ৮৫৩ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।
