২০২১ সালের মধ্যে ৮টি দেশের সঙ্গে এফটিএ, পিটিএ সই করতে চায় বাংলাদেশ


বাসস | Published: May 08, 2021 20:39:14 | Updated: May 09, 2021 12:27:10


২০২১ সালের মধ্যে ৮টি দেশের সঙ্গে এফটিএ, পিটিএ সই করতে চায় বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় ২০২১ সালের মধ্যে অন্তত ৭ থেকে ৮টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করতে চায় বাংলাদেশ।

শনিবার দ্য ইন্সটিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক ওয়েবিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানি পণ্য ও সেবা বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণের বিকল্প নেই।

এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও বেসরকারি খাতের একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করে টিপু মুনশি বলেন, আমরা এফটিএ ও পিটিএ সই করার জন্য প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে ভুটানের সঙ্গে চুক্তি হয়েছে। আমাদের ইচ্ছা আছে ২০২১ সালের মধ্যে অন্তত ৭ থেকে ৮টি দেশের সঙ্গে চুক্তি করা।

তিনি বলেন, এফটিএ বা পিটিএ সই হলে প্রথম দিকে রাজস্ব আহরণে কিছুটা ধাক্কা আসবে, তবে দীর্ঘমেয়াদে সেটা অত্যন্ত সুফল বয়ে আনবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কেবল তৈরি পোশাক নয়, আরও অনেক পণ্য ও সেবা রপ্তানি বাড়াতে হবে। এর জন্য আমরা দেশের সম্ভাবনাময় ১৯টি রপ্তানি পণ্যকে টার্গেট করে কাজ করছি।

তিনি জানান, রপ্তানি পণ্য বহুমুখীকরণে বিশ্ব ব্যাংকের সহায়তায় ইসিফরজে নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় চামড়া, প্লাস্টিক, আইটি এবং হালকা প্রকৌশল এই চার খাতের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে।

তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ভূমি বরাদ্দ পাওয়া গেছে, অবকাঠামো নির্মাণ প্রক্রিয়া চলছে। এখানে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ প্রদান ও পণ্যের নকশায় বৈচিত্র্য আনার কার্যক্রম রয়েছে যাতে বাংলাদেশে এই চারখাতে বিশ্বমানের পণ্য তৈরি করতে পারে।

Share if you like