২০২১ সালের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ছিল টিকটক। পুরো বিশ্ব জুড়েই ব্যবহারকারীদের কাছে চাহিদা ছিল অ্যাপটির। বছর জুড়ে ব্যবহারকারীরা যে অ্যাপগুলো সবচেয়ে বেশিবার ডাউনলোড করেছেন তার তালিকা প্রকাশ করেছে ডেটা বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপটোপিয়া, আর তাতে ফেইসবুক, হোয়াটসঅ্যাপকে পেছনে ফেলে শীর্ষে আছে টিকটক।
সরাসরি বিভিন্ন অ্যাপ স্টোর থেকে ডেটা সংগ্রহ করেছে অ্যাপটোপিয়া। কোন অ্যাপগুলো সবচেয়ে দ্রুত নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করেছে আর কোন অ্যাপগুলো সবেচেয়ে বেশিবার ডাউনলোড করা হয়েছে সেই তথ্য সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। গুগল প্লে আর আইওএস অ্যাপ স্টোর থেকে পাওয়া ডেটার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারের শীর্ষ অ্যাপের দুটি তালিকা করেছে ওই ডেটা বিশ্লেষক। দুই তালিকাতেই শীর্ষে আছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্সের টিকটক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
অ্যাপটোপিয়ার বৈশ্বিক তালিকা বলছে, ২০২১ সালে টিকটক অ্যাপ ডাউনলোড করা হয়েছে ৬৫ কোটি ৬০ লাখ বার। তালিকায় টিকটকের পরেই মেটার মালিকানাধীন তিন অ্যাপ ইনস্টাগ্রাম, ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী অ্যাপগুলো ডাউনলোড করা হয়েছে যথাক্রমে ৫৪ কোটি ৫০ লাখ, ৪১ কোটি ৬০ লাখ এবং ৩৯ কোটি ৫০ লাখ বার।
ওই তালিকার আরও আছে:
টেলিগ্রাম (৩২ কোটি ৯০ লাখ ডাউনলোড)
স্ন্যাপচ্যাট (৩২ কোটি ৭০ লাখ ডাউনলোড)
জুম (৩০ কোটি ডাউনলোড)
মেসেঞ্জার (২৬ কোটি ৮০ লাখ ডাউনলোড)
ক্যাপকাট (২৫ কোটি ৫০ লাখ ডাউনলোড)
এবং স্পটিফাই (২০ কোটি ৩০ লাখ ডাউনলোড)
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, আগের বছরেও তালিকায় শীর্ষে ছিল টিকটক। তবে ২০২১ সালে এসে বেড়েছে অ্যাপটি ডাউনলোডের হার। কেবল যুক্তরাষ্ট্রেই অ্যাপটির ডাউনলোড বেড়েছে ৬০ লাখ।