হেলমান্দে তালেবান-আফগান বাহিনী তীব্র লড়াই


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: August 03, 2021 10:42:04 | Updated: August 03, 2021 16:24:27


হেলমান্দে তালেবান-আফগান বাহিনী তীব্র লড়াই

তালেবানের হাতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের প্রধান শহর লস্করগায়ের পতন ঠেকাতে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে আফগান বাহিনী।

প্রাণ বাঁচাতে শহরটির কয়েক হাজার বাসিন্দা প্রত্যন্ত এলাকার বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় বিমান হামলা চললেও ভারি অস্ত্রশস্ত্র নিয়ে প্রাদেশিক এই রাজধানীর দখল নিতে আক্রমণ চালিয়েছে তালেবান।

ইতিমধ্যে প্রদেশের একটি টেলিভিশন চ্যানেল দখল করে নেওয়ার দাবি করা হয়েছে তালেবানের পক্ষ থেকে।

তালেবানের সঙ্গে লড়তে হেলমান্দ প্রদেশে কয়েকশ সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আবার বিভিন্ন এলাকা দখলে তৎপর হয়েছে তালেবান।

এই হেলমান্দ প্রদেশ থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সেনা অভিযানগুলো পরিচালনা করত। প্রদেশটি তালেবানের দখলে চলে গেলে সেটি হবে আফগান সরকারের জন্য বড় ধরনের একটি ধাক্কা।

আর লস্করগায়ের পতন হলে ২০১৬ সালের পর এটি হবে তালেবানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানী বিজয়।

বর্তমানে তালেবান যে তিনটি প্রাদেশিক রাজধানীর দখল নেওয়ার চেষ্টা করছে তার একটি হচ্ছে এই শহর।

Share if you like