হেফাজতের নতুন কমিটিতে পদ পাচ্ছেন না মামুনুল হকসহ রাজনৈতিক ব্যক্তিরা


FE Team | Published: June 02, 2021 22:00:23 | Updated: June 03, 2021 17:01:13


হেফাজতের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশকে এবার রাজনীতিমুক্ত করার কথা বলে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বেই এর নতুন কমিটি গঠন করা হচ্ছে বলে সংগঠনটির একাধিক নেতা জানিয়েছেন।

তারা বলেছেন, হেফাজতের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ যারা রাজনীতির সাথে জড়িত, এমন নেতাদের নতুন কমিটিতে কোন পদে রাখা হচ্ছে না, খবর বিবিসি বাংলার।

হেফাজত বলেছে, মার্চের সহিংসতার ঘটনায় অব্যাহত গ্রেপ্তার অভিযানে মামুনুল হক এবং আজিজুল হক ইসলামাবাদীসহ তাদের ৫০ জনের বেশি কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগের পেছনে সরকারের চাপ রয়েছে, এমন সন্দেহের কথা জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে হেফাজতের একাধিক নেতা। তারা বলছেন, মামুনুল হকসহ রাজনীতির সাথে জড়িতদের কমিটির পদে রাখা হচ্ছে না, এমন ধারণা তারা পাচ্ছেন।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ২৬শে ডিসেম্বর জুনায়েদ বাবুনগরীকে সংগঠনটির আমীর করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

কিন্তু এর চার মাস পরই গত এপ্রিল মাসে সেই কমিটি বিলুপ্ত করে মি. বাবুনগরীর নেতৃত্বে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয় । দু'একদিনের মধ্যেই আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।

আহমদ শফীর মৃত্যুর পর তার ছোট ছেলে আনাস মাদানীর নেতৃত্বে একটি অংশ হেফাজতের নেতৃত্বে জুনায়েদ বাবুনগরীকে মেনে নিতে পারেননি। তাদের দিক থেকে এখন পাল্টা কমিটি করার হুমকি দেয়া হয়েছে।

তবে এই অংশের সাথে কোন আলোচনায় না গিয়ে নতুন কমিটিতে আহমদ শফীর বড় ছেলে মো: ইউসুফকে রাখা হতে পারে, হেফাজতের এখন নেতৃত্ব থেকে এমন ইঙ্গিত দেয়া হচ্ছে।

হেফাজতের নতুন কমিটি সর্বোচ্চ ৪০ সদস্যের হতে পারে। জুনায়েদ বাবুনগরীই আমীর এবং নুরুল ইসলাম জেহাদী মহাসচিব হচ্ছেন। অন্য পদগুলোতে এবং সদস্যদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

নুরুল ইসলাম জেহাদী বলেছেন, তারা আহবায়ক কমিটির বদলে পূণাঙ্গ কমিটি গঠন করছেন।

"আমরা এডহক কমিটির সদস্যরা পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এটা পুরোনো মুরব্বী এবং বড় বড় আলেম যারা আছেন, তাদেরকে নিয়ে এই কমিটি করা হবে," জানান নুরুল ইসলাম জেহাদী।

জেহাদী দাবি করেছেন, তাদের কমিটি গঠনের ক্ষেত্রে সরকারের কোন চাপ নেই।

"সরকার এটার মধ্যে কোন ইন্টারফেয়ার করছে না। আমরাই হেফাজতে ইসলামের চরিত্র এবং লক্ষ্য উদ্দেশ্যকে সমুন্নত রাখার জন্যই করছি।"

জেহাদী আরও বলেন, "হেফাজতে ইসলাম যখন গঠন করা হয়েছিল, তখন থেকেই এটা একটা অরাজনৈতিক সংগঠন। এবং মূল দায়িত্বে অরাজনৈতিক ব্যক্তিরা ছিলেন, অরাজনৈতিক ব্যক্তিরাই থাকবেন। এর মূল দায়িত্বে কোন রাজনৈতিক ব্যক্তি আসবে না।"

একইসাথে তিনি বলেছেন, রাজনীতিতে জড়িতরা পদে থাবেন না। কিন্তু সংগঠনে থাকবেন। তারা সংগঠন থেকে কাউকে বাদ দিচ্ছেন না।

"রাজনৈতিক কোন কর্মসূচি বা কর্মকাণ্ড হেফাজতের প্রোগ্রামে থাকবে না।"

তবে অরাজনৈতিক চরিত্র বলতে কী বোঝানো হচ্ছে, সে ব্যাপারে মি: জেহাদী বলেছেন, "অরাজনৈতিক কর্মসূচি বলতে, যারা ইসলাম বিদ্বেষী বা ইসলামের বিরুদ্ধে লেখে, মহানবী (সা:) এর বিরুদ্ধে লেখে বা কর্মকাণ্ড করে, তাদের প্রতিবাদের জন্যই এই সংগঠন। সেটাই থাকবে।"

এই হেফাজত নেতা বলেছেন, নতুন কমিটি হলে বিভিন্ন সমস্যার সমাধানে তাদের সংগঠনের কাজে গতি আসবে।

Share if you like