হারারে টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


FE Team | Published: July 10, 2021 19:37:51 | Updated: July 11, 2021 10:58:30


হারারে টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

দুই ইনিংসে দাপট দেখিয়ে প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেওয়া, টেস্ট ক্রিকেটের আদর্শ এই চিত্রনাট্য খুব একটা লিখতে পারেনি বাংলাদেশ। হারারে টেস্টে সেই বিরল সাফল্যের দেখা মিলল। চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ের সামনে যে লক্ষ্য, আগে কখনই প্রতিপক্ষকে এত বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ।

হারারে টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ের লক্ষ্য ৪৭৭। টেস্টে ২১ বছরের পথচলায় এই প্রথম কোনো দলকে সাড়ে চারশর বেশি লক্ষ্য দিতে পারল বাংলাদেশ।

অথচ এই টেস্টের প্রথম দিনে ১৩২ রানে ৬ উইকেট হারিয়েছিল দল। পরে মাহমুদউল্লাহর ১৫০ রানের অপরাজিত ইনিংস, লিটন দাসেন ৯৫ ও তাসকিন আহমেদের ৭৫ রানের সৌজন্যে বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ৪৬৮ রান। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বোলিংয়ে লিড মেলে ১৯২ রানের। দ্বিতীয় ইনিংসে শনিবার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৪৭৬ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে দল।

টেস্টে এর আগে তিনবার চারশর বেশি লক্ষ্য নিতে পেরেছে বাংলাদেশ। প্রতিটিই জিম্বাবুয়ের বিপক্ষে।

২০১৪ সালে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল ৪৪৯। বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ১৮৬ রানে।

২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের লক্ষ্য ছিল ৪৪৩। এবার বাংলাদেশের জয় ২১৮ রানে। রানের হিসেবে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়।

২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্টে এই হারারেতেই জিম্বাবুয়েকে ৪০১ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ১৪৩ রানে।

Share if you like