হারকিভে ঢুকে পড়েছে রুশ সেনা, তুমুল লড়াই


এফই অনলাইন ডেস্ক | Published: February 27, 2022 15:15:56 | Updated: February 27, 2022 20:57:24


ছবি রয়টার্সের

ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভে রাশিয়ার সেনারা ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শহরটির বিভিন্ন সড়কে এখন তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে বিবিসি।

হারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, প্রতিরোধ ভেঙ্গে রুশ হালকা সামরিক যান শহরটিতে ঢুকে পড়েছে।

তার বক্তব্যের আগেই একটি ভিডিও ফুটেজে উত্তর-পূর্বের এ শহরটির রাস্তায় বেশ কয়েকটি রুশ সামরিক যান চলাচল করতে দেখা যায়।

সিনেগুবভ পরে এ তথ্য নিশ্চিত করে জানান, রুশ সেনাদের শহরের কেন্দ্রে দেখা গেছে। বাসিন্দাদের ঘরের ভেতর থাকতেও বলেছেন তিনি।

আশ্রয়স্থান ছাড়বেন না। ইউক্রেইনের সশস্ত্র বাহিনী শত্রুদের নির্মূল করছে। বেসামরিকদের রাস্তায় না আসতে বলা হচ্ছে, বলেছেন তিনি।

রোববার রুশ সেনারা ইউক্রেইনের দক্ষিণের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর নোভা কাহোভকা দখলে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

শহরটি ছোট হলেও এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিপার নদীর তীরে অবস্থিত।

রুশ সেনারা শহরটির কার্যনির্বাহী কমিটির দখল নিয়েছে এবং বিভিন্ন ভবন থেকে ইউক্রেইনের পতাকা নামিয়ে ফেলেছে শহরটির মেয়র ভলোদিমির কোভালেনকোর বরাত দিয়ে জানিয়েছে ইউক্রেইনের গণমাধ্যম।

সমর বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ দিক থেকে অগ্রসর হওয়া রুশ সেনারা এখন পর্যন্ত সবচেয়ে বেশি সফলতার স্বাক্ষর রেখেছে; যে কারণে নোভা কাহোভকার পর খেরসন, মাইকোলাইভ ও মেলিতোপোলও পতনের মুখে রয়েছে।

Share if you like