Loading...
The Financial Express

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিও নয়: হাই কোর্ট

| Updated: May 25, 2022 16:07:57


হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিও নয়: হাই কোর্ট

হাতিরঝিলের পানি ও সৌন্দর্যকে ‘অমূল্য সম্পদ’ হিসেবে বর্ণনা করে ওই লেকে ওয়াটার ট্যাক্সিসহ সব ধরনের যান্ত্রিক বাহন বন্ধের ‘পরামর্শ’ দিয়েছে হাই কোর্ট।

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পকে ‘পাবলিক ট্রাস্ট প্রোপার্টি’ ঘোষণার পাশাপাশি এ প্রকল্পের ভেতরে হোটেল, রেস্তোরাঁসহ সব ধরনের বাণিজ্যিক স্থাপনা অবৈধ ঘোষণা করে গত বছরের ৩০ জুন হাই কোর্ট যে রায় ঘোষণা হয়েছিল, তার পূর্ণাঙ্গ রায়ে এ পরামর্শ এসেছে।

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চের দেওয়া ওই পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নামে হাতিরঝিলের নামকরণ এবং সেখানে মাছের অভয়ারণ্য গড়ে তোলারও পরামর্শ এসেছে সেখানে।

প্রকল্পটির নকশার নির্দেশনার বাইরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর ২০১৮ সালে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিল হাই কোর্ট। রুল শুনানি শেষে গত বছর রায় দেয় আদালত।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, “প্রতি ফোটা পানি অতি মূল্যবান। পানির চেয়ে তথা সুপেয় পানির চেয়ে মূল্যবান আর কোনো সম্পদ এ পৃথিবীতে নেই। সুতরাং প্রতিটি ফোটা পানির দূষণ প্রতিরোধ একান্ত আবশ্যক।”

হাই কোর্ট বলেছে, “হাতিরঝিলের পানি এবং এর নজরকাড়া সৌন্দর্য অমূল্য সম্পদ। এ অমূল্য সম্পদের কোনোরূপ ধ্বংস বা ক্ষতি করা যাবে না।”

হাতিরঝিলের বিষয়ে রায়ে চারটি নির্দেশনা ছাড়াও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কয়েকটি পরামর্শ দিয়েছে আদালত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic