Loading...

হাইতিতে পশ্চিমাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা

| Updated: August 15, 2021 14:07:02


হাইতিতে পশ্চিমাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা

ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপ দেশ হাইতির পশ্চিমাঞ্চলে বড় একটি ভূমিকম্প হয়েছে যা পুরো ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে অনুভূত হয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

 যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার হাইতির পাটি ট্রু দ্য নেভাস শহর থেকে আট কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়, স্থানটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় দেড়শ কিলোমিটার পশ্চিমে। 

এই ভূমিকম্পে বহু হতাহত ও ব্যাপক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউএসজিএস। 

ভবনগুলো ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ওই অঞ্চলের লোকজন বাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন, ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হলেও তা তুলে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

১১ বছর আগে হাইতিতে ৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছিল এবারেরটি তারচেয়ে বড় ও ভূপৃষ্ঠের কম গভীরতায় উৎপত্তি হয়েছে। আগের ভূমকম্পটিতে দেশটিতে হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল, বহু ভবন ধসে পড়ে অনেক লোক গৃহহীন হয়েছিল। 

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ সিস্টেম ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছিল, কিন্তু কিছুক্ষণ পরই তা তুলে নেয়। তবে সুনামির আশঙ্কায় উপকূলীয় অঞ্চলের কিছু লোক ইতোমধ্যেই পাহাড়ের দিকে পালিয়ে গেছে বলে হাইতির গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

হাইতির সিভিল প্রটেকশন সার্ভিস টুইটারে জানিয়েছে, তাদের টিমগুলোর কাছ থেকে সম্ভাব্য হতাহতের ঘটনার প্রাথমিক খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, জেরেমি শহরের নিকটবর্তী কয়েকটি বাড়ি ও একটি গির্জা আংশিক ধসে পড়েছে।

 

Share if you like

Filter By Topic