হজে যেতে পারবেন আরও ২৪১৫ জন


এফই অনলাইন ডেস্ক | Published: June 23, 2022 12:38:36 | Updated: June 23, 2022 17:48:15


হজে যেতে পারবেন আরও ২৪১৫ জন

বাংলাদেশ থেকে এ বছর আরও ২ হাজার ৪১৫ জনকে হজে যাওয়ার সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩০০ জন হজ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার মন্ত্রণালয়ের এক চিঠিতে বাংলাদেশের জন্য নির্ধারিত অতিরিক্ত এই কোটা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কোভিড মহামারীর ধকল সামলে দুই বছর পর বাংলাদেশ থেকে এবার সরকারিভাবে ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার।

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে; সেই লক্ষ্যে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট গত ৫ জুন শুরু হলেও শেষ মুহূর্তে অতিরিক্ত আরও ২ হাজার ৪১৫ জনকে হজে যাওয়ার সুযোগ দিল সৌদি আরব।

এই কোটা বৃদ্ধির ফলে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় মোট ৪১১৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জনসহ সবমিলিয়ে ৬০ হাজার যাত্রী এ বছর হজ করার সুযোগ পাচ্ছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট ৩১ হাজার ৫৩৯ জন হজ করতে সৌদি আরব গেছেন।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার ১৫৪ জন।

হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি।

সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট।

হজ সংক্রান্ত বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয়জনের মৃতু্ হয়েছে, তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।

Share if you like