স্মার্ট হোম - ডিজিটাল জীবনযাপন


শবনম জাবীন চৌধুরী | Published: December 08, 2021 18:06:31 | Updated: December 09, 2021 09:53:46


স্মার্ট হোম - ডিজিটাল জীবনযাপন

প্রযুক্তি তার জাদুর কাঠি বুলিয়ে ঘড়িকে করেছে স্মার্ট ঘড়ি, ফোনকে করেছে স্মার্ট ফোন আর হোম বা বাড়িকে করেছে স্মার্ট হোম বা স্মার্ট বাড়ি। ইন্টারনেটের ধুম্রজাল আর প্রযুক্তির সমন্বয়ে হোম থেকে স্মার্ট হোমে রূপান্তরের মধ্যকার সমীকরণটুকু নিয়েই আজকের এই লেখা-

স্মার্ট হোম কি?

স্মার্ট হোম বলতে এমন একটি হোম সেট-আপকে বোঝায় যেখানে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স ও আধুনিক ডিভাইস ইনস্টল করা হয় ও সেগুলোতে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয় এবং পরবর্তীতে ঘরে-বাইরে যেকোনো জায়গা থেকে মোবাইল বা অন্য কোন সংযুক্ত ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট হোম ব্যবহারকারী খুব সহজেই রিমোট এক্সেসের মাধ্যমে বাড়ির নিরাপত্তা, অভ্যন্তরীণ তাপমাত্রা, হোম থিয়েটার ও আলো জ্বালানো বা বন্ধ রাখার বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারেন।

স্মার্ট হোম কীভাবে পরিচালিত হয়?

স্মার্ট হোমে ব্যবহৃত ডিভাইসগুলো একটির সাথে আরেকটির সংযোগ প্রদান করা থাকে, এক কথায় প্রত্যেকটি ডিভাইস পরষ্পরের সাথে সংযুক্ত থাকে। সংযোগগুলো ওয়্যারলেস বা হার্ডওয়্যারের মাধ্যমে হতে পারে। ওয়্যারলেস সংযোগ স্থাপন করা অপেক্ষাকৃত সহজ এবং বাজেট সাশ্রয়ী। অন্যদিকে, হার্ডওয়্যারের মাধ্যমে সংযোগ প্রদান করলে তা অধিক নির্ভরযোগ্য হলেও এর মাধ্যমে সংযোগ প্রদান বেশ জটিল এবং অনেক ব্যয়বহুল।

স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা গেম কনসোলে একটি সেন্ট্রাল কন্ট্রোল প্যানেল ইন্সটল করা থাকে। এর মাধ্যমে সরাসরি বা সিডিউলিং এর মাধ্যমে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যায় যেমন দরজার লক, থার্মোস্ট্যাট, টেলিভিশন, হোম মনিটর, ক্যামেরা, লাইট এমনকি ফ্রিজও।

অ্যাপ্লায়েন্সগুলোর একটি ফিচার থাকে যার নাম সেলফ লার্নিং স্কিল যার মাধ্যমে ডিভাইসগুলো ব্যবহারকারীর সময়সীমা অনুযায়ী নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে এর সাথে মানিয়ে নেয় এবং নিজে নিজে সেই কর্মগুলো সম্পাদন করে থাকে।

কিছু কিছু হোম অটোমেশন সিস্টেমে অ্যালার্ট সিস্টেম চালু করা থাকে যা মোশন ডিটেকশনের মাধ্যমে বাড়ির আশেপাশে কোন লোকসমাগম বা কোন লোকের আনাগোনা ডিটেক্ট করলে তা অ্যালার্ট হিসেবে ব্যবহারকারীর কাছে সিগন্যাল পাঠিয়ে থাকে।

স্মার্ট হোমের সুবিধা ও অসুবিধা

সুবিধা

বিভিন্ন ডিভাইসের মাধ্যমে হোম অ্যাপ্লায়েন্সগুলো নিয়ন্ত্রণের পরিবর্তে একটি কন্ট্রোল প্যানেলের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেট থেকে নিয়ন্ত্রণ করা যায়। যেহেতু পোর্টেবল ডিভাইসের সাথে অ্যাপ্লায়েন্সগুলো কানেকটেড থাকে তাই ঘরে বাইরে যেখানেই থাকুন না কেনো আপনি সাথে সাথেই নোটিফেকশন বা আপডেটগুলো পেয়ে যাবেন যেমন আপনার দরজায় এখন কে বেল দিচ্ছে তা দেখতে ও সেই অনুযায়ী উপস্থিত ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারবেন। ঘরের বাইরে থেকেও আপনি ঘরের তাপমাত্রা, লাইট ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারবেন। স্মার্ট সিস্টেম ইনস্টল করার ফলে অনেক সাশ্রয় হয়ে থাকে। বাড়তি বিদ্যুৎ খরচও অনেকাংশে কমে যায়।

অসুবিধা

হ্যাকাররা অনেকসময় ইন্টারনেট এক্সেসের মাধ্যমে হোম অ্যাপ্লায়েন্সগুলোর এক্সেস নিয়ে নেয় যার ফলে বাড়ির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

স্মার্ট হোম তৈরিতে বহুল ব্যবহৃত কিছু ডিভাইস

স্মার্ট লাইটিং

ওয়্যারলেস ট্রান্সমিশন ব্যবহার করে সিগন্যাল আদান-প্রদানের মাধ্যমে এই বাল্বগুলো নিয়ন্ত্রণ করা যায়। ইন্টারনেট সংযোগে ঘরে বাইরে যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্রি, লিফক্স, টিপি লিংকের বাল্বগুলো ওয়াই-ফাইয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফিলিপস হু বালবগুলো ব্লুটুথের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।

স্মার্ট স্পিকার

স্মার্ট স্পিকার আপনার জন্য কেবলমাত্র পছন্দের গান বা রেডিও চ্যানেলই প্লে করে থাকে না বরং প্রশ্নের উত্তর দিতে সক্ষম, টাইমার, রিমাইন্ডার বা অ্যালার্ম সেট করতে পারে এবং ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার বাসার অন্যান্য স্মার্ট ডিভাইসগুলোও নিয়ন্ত্রণ করতে পারে। অ্যামাজন ইকো সিরিজ এবং গুগল হোম সিরিজের স্পিকারগুলো বর্তমানে বাজার সেরা।

স্মার্ট থার্মোস্ট্যাট

তাপ উৎপাদক বয়লারের মাধ্যমে স্মার্ট থার্মোস্ট্যাট কাজ করে থাকে। ঘরের বাইরে বসেও আপনার স্মার্ট ডিভাইসে ডাউনলোডকৃত অ্যাপের মাধ্যমে আপনি ইচ্ছানুযায়ী বাসার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। একোবি স্মার্ট থার্মোস্ট্যাটটি বেশ ভালো এবং এর সাথে ভয়েস কন্ট্রোল সিস্টেমও সংযুক্ত রয়েছে।

হোম সিকিউরিটি ক্যামেরা

সাধারণ সিকিউরিটি ক্যামেরার ন্যায় কাজ করে থাকে। ওয়াইফাইয়ে সংযুক্ত থাকলে স্মার্টফোনে ডাউনলোডকৃত অ্যাপের মাধ্যমে আপনি যেকোন জায়গা থেকে ভিডিও ফুটেজ দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন। ভিডিওগুলো আপনার ডিভাইসে এবং ক্লাউডে উভয় জায়গাতেই সংরক্ষিত থাকে। রিং, আরলো, নেট্যাটমো ও ম্যাক্সিমাসের কিছু মডেল রয়েছে যেগুলো বেশ ভালো সার্ভিস দিয়ে থাকে।

মাল্টিরুম অডিও সিস্টেম

আপনি বিভিন্ন ঘরে একই সময় একই সাথে একটি গানও শুনতে পারেন বা বিভিন্ন ঘরে বিভিন্ন গানও শুনতে পারেন। সোনোস, ইয়ামাহা, ডেনোনের স্পিকারগুলো গুনে ও মানে ভালো।

স্মার্ট স্মোক ও কার্বন মনোক্সাইড ডিটেকটর

এই ডিভাইসটি একই সাথে ধোঁয়া এবং একদম গন্ধহীন কিন্তু মারাত্মক ক্ষতিকারক কার্বন মনোক্সাইড গ্যাসের উপস্থিতি সনাক্ত করে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে স্মার্টফোনের অ্যাপে তৎক্ষণাৎ জানিয়ে দেবে। নেস্ট ল্যাবের স্মার্ট স্মোক ও কার্বন মনোক্সাইড ডিটেকটরগুলো সবার পছন্দের।

স্মার্ট ইরিগেশন

এই ডিভাইসটি সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে এবং ব্যবহারকারীর পূর্বপ্রদানকৃত নির্দেশ অনুযায়ী পানি ছিটানোর নলে সিগন্যাল পাঠায়; ফলশ্রুতিতে প্রয়োজন অনুযায়ী গাছে পানি ছিটানো হয়। একজন ব্যবহারকারী আগে থেকেই আর্দ্রতা এবং তাপমাত্রার মাত্রা সম্পর্কে নির্দেশনা প্রদান করে রাখেন। রেশিও, উইজি ল্যাবের স্মার্ট ইরিগেশন ডিভাইসগুলো বাজারে অন্যতম।

শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

zabin860@gmail.com

Share if you like