Loading...

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া


স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন তার একজন ব্যাক্তিগত চিকিৎসক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার সকালে বলেন, “মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। সেজন্য বিকাল ৩টায় তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরীক্ষার ফলাফল দেখে বোর্ড পরবর্তী সিদ্ধান্ত জানাবে।”

এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম ভালো আছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে এসব টেস্ট করা হচ্ছে।”

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পলে গতবছর তাকে কয়েক দফা হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়। পরে নভেম্বরে তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।

এভারকেয়ার হাসপাতালে টানা ৮১ দিন চিকিৎসা নেওয়ার পর গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন খালেদা জিয়া।

এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের চিকিতসার তদারক করছে।

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০১৮ সালে কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

Share if you like

Filter By Topic