Loading...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি, এক প্রতিষ্ঠান

| Updated: March 16, 2022 14:00:07


স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি, এক প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম এবং চিকিৎসক কনক কান্তি বড়ুড়াসহ ১০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এক আদেশে রাষ্ট্রের সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম) ছাড়াও মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং সিরাজুল হক মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।  একই ক্যাটাগরিতে এ সম্মাননা পাচ্ছেন আব্দুল জলিল ও সিরাজ উদ্দীন আহমেদ।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম পাচ্ছেন এ পুরস্কার।

সাহিত্যে মো. আমির হামজা এবং স্থাপত্যে স্থপতি সৈয়দ মইনুল হোসেনকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হচ্ছে।

আর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা, অসামান্য আত্মত্যাগ ও অসাধারণ অবদানের জন্য যারা চিরস্মরণীয় হয়ে আছেন এবং শিক্ষা-সংস্কৃতি, শিল্প-সাহিত্য, বিজ্ঞান-প্রযুক্তি ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের সম্মান জানাতে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

পুরস্কারজয়ী প্রত্যেকে পাবেন ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।

Share if you like

Filter By Topic