Loading...

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশি আহত

| Updated: October 09, 2021 17:57:33


প্রতিনিধিত্বশীল ছবি: রয়টার্স প্রতিনিধিত্বশীল ছবি: রয়টার্স

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন, তার মধ্যে তিনজন বাংলাদেশি।

জিজান শহরের ওই বিমানবন্দরে শুক্রবার মধ্য রাতে দুই দফায় এই হামলা হয় বলে রয়টার্স জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রথম হামলায় তিন বাংলাদেশি আহত হন। তাদের সঙ্গে আহত হন ছয় সৌদি নাগরিক এবং এক সুদানি নাগরিক।

হামলায় বিমানবন্দরের সামনের বেশ কিছু কাচ ভেঙে পড়ে।

তবে দ্বিতীয় ড্রোনটিকে বিস্ফোরণের আগেই ভূপাতিত করা হয়েছে বলে ইয়ামেনি অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানানো হয়নি।

ইয়ামেনে ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বে সামরিক অভিযান চলছে। সৌদি বাহিনী দেশটির ক্ষমতাচ্যুত মনসুর হাদিকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে তাদের বিরুদ্ধে লড়ছে হুতি বিদ্রোহীরা, যাদের পেছনে ইরানের সমর্থন রয়েছে।

দুদফা ড্রোন হামলার পরও বিমানবন্দরের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হুতিরা ড্রোন হামলা চালিয়ে এলেও সর্বশেষ এই হামলার দায়িত্ব স্বীকার করে দলটির কোনো বার্তা আসেনি।

Share if you like

Filter By Topic