Loading...
The Financial Express

সৌদি ও কুয়েতগামীরা পাচ্ছেন ফাইজারের টিকা

| Updated: June 30, 2021 10:20:50


সৌদি ও কুয়েতগামীরা পাচ্ছেন ফাইজারের টিকা

সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকরা ফাইজার-বায়োএনটেকের টিকা পাচ্ছেন।

ঢাকার সাতটি টিকাদান কেন্দ্রে আগামী বৃহস্পতিবার থেকে এই টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবাসী শ্রমিকদের কোয়ারেন্টিনের খরচ বাঁচাতেই এই পদক্ষেপ।

“ফাইজারের টিকা নিয়ে গেলে কুয়েত ও সৌদি আরবে কোয়ারেন্টিন করতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। কোয়ারেন্টিনের জন্য বাংলাদেশি ৭০ হাজার টাকা খরচ করতে হয় প্রত্যেকের পেছনে।”

এ কারণে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, “এটা মাননীয় প্রধানমন্ত্রীরও সিদ্ধান্ত। আমাদের বিদেশে কর্মরত শ্রমিক যারা কুয়েত এবং সৌদি আরবে যাচ্ছেন তাদেরকে এই টিকা দেওয়ার জন্য।”

বিদেশগামীরেমিটেন্স যোদ্ধাদের’ কীভাবে টিকা দেওয়া হবে- সে বিষয়ে তিনি বলেন, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের যে তালিকা দিচ্ছে, সেই তালিকা অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করছি। ঢাকার সাতটি হাসপাতালে এই টিকা দেওয়া হবে। আগামী পরশুদিন থেকে এই টিকা দেওয়া শুরু হবে।

সাতটি হাসপাতাল হল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

গণটিকাদান শুরুর পর সঙ্কটে পড়া বাংলাদেশ টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে বিনামূল্যে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে গত ৩১ মে।

এই সংখ্যক ডোজ দিয়ে অর্ধ লক্ষ জনকে টিকা দেওয়া যাবে।

গত ২১ জুন থেকে দেশে ফাইজারের টিকার গণপ্রয়োগ শুরু হয়েছে। এছাড়া সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড এবং চীনের সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে দেশে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic