সৌদি আরবে সোনা ও মুদ্রাসহ বিমানের কেবিন ক্রু আটক


এফই অনলাইন ডেস্ক | Published: January 27, 2022 17:52:26 | Updated: January 28, 2022 17:24:45


ফাইল ছবি (সংগৃহীত)

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে সোনা ও মুদ্রাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু আটক হয়েছে।

খবরটি জানার পর রুহুল আমিন শুভ নামে ওই কেবিন ক্রুকে বরখাস্ত করা হয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা থেকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিমান কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেদ্দা থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট বিজি-৪০৩৬ তে কর্মরত ছিলেন শুভ। বুধবার সকালে ফ্লাইটে আরোহণের সময় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে নিয়ম অনুযায়ী তল্লাশির সময় তার ব্যাগে স্বর্ণ ও মুদ্রা ধরা পড়ে। এরপর তাকে আটক করে সৌদি কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়াললাইন্সের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার বলেন, রুহুল আমিন শুভর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগ পাওয়ার পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এখন আছেন সৌদি ইমিগ্রেশন অথরিটির কাছে। তাদের লগ রিপোর্ট ও অন্যান্য রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুভ কী পরিমাণ মুদ্রা বা সোনাসহ ধরা পড়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তাহেরা খন্দকার।

Share if you like